অন্যান্য

ঝড়-বৃষ্টির দাপটে ভিজল পুরুলিয়া, গড় বৃষ্টি প্রায় ২৯ মিমি, তবু দিনের পারদ ৩৭ পার

২৯ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.৭ ডিগ্রি। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ২৮.৫৫ মিলিমিটার।
ঝড়-বৃষ্টির দাপটে ভিজল পুরুলিয়া, গড় বৃষ্টি প্রায় ২৯ মিমি, তবু দিনের পারদ ৩৭ পার

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কালবৈশাখীর জোড়া ঝাপটায় ভিজল পুরুলিয়া। জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় ঝড়-বৃষ্টি হলেও দিনের গরম পুরোপুরি কমল না। ২৯ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.৭ ডিগ্রি।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ২৮.৫৫ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাঁতুড়িতে, ৫৭.২ মিমি এবং পাড়ায় ৫১.২ মিমি। বলরামপুরে ৪৮.২ মিমি, নিতুড়িয়ায় ৩৯.০ মিমি এবং কাশিপুরে ৩৪.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এছাড়া মানবাজারে ২৭.০ মিমি, বাঘমুণ্ডিতে ২৫.২ মিমি, হাতোয়াড়ায় ২৩.৬ মিমি, জয়পুরে ১৯.২ মিমি,  পুঞ্চায় ১৭.৪ মিমি, বরাবাজারে ১২.২ মিমি, হুড়ায় ৯.৪ মিমি এবং ঝালদায় ৭.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

দিনভর আকাশে মেঘের আনাগোনা ছিল। দুপুরের পর থেকেই একাধিক দফায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং প্রবল বৃষ্টিতে কার্যত ভিজে যায় জেলার বিস্তীর্ণ অংশ। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার তীব্রতাও ছিল চোখে পড়ার মতো।

এই বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিললেও দিনের বেলায় গরমের প্রভাব পুরোপুরি কাটেনি।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই সময় বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে কালবৈশাখীর প্রবণতা বাড়ে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও উষ্ণ বায়ুর সংমিশ্রণে এমন দফায় দফায় ঝড়-বৃষ্টি স্বাভাবিক।