নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কালবৈশাখীর দাপট অব্যাহত। শুক্রবারের ঝড়-বৃষ্টিতে ভিজল গোটা পুরুলিয়া। তার জেরেই এক ধাক্কায় অনেকটাই নেমে গেল তাপমাত্রা। ৯ মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়াল ১৮.৫ ডিগ্রিতে। মে মাসে এমন তাপমাত্রা কল্পনার অতীত।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ১৪.৮ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলরামপুরে, ৩৫.৩ মিমি। বরাবাজারে ২৮.০ মিমি, বাঘমুণ্ডিতে ২০.৪ মিমি, পারায় ১৭.৪ মিমি এবং হুড়ায় ১৫.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এছাড়া জয়পুরে ১৪.৮ মিমি, কাশিপুরে ১৪.৪ মিমি, হাতোয়াড়ায় ১১.১ মিমি, ঝালদায় ১০.৬ মিমি, মানবাজারে ১০.০ মিমি, পুঞ্চায় ৬.২ মিমি, নিতুড়িয়ায় ৫.৪ মিমি এবং সাঁতুড়িতে ৩.৬ মিমি বৃষ্টি হয়েছে।
দিনভর আকাশে মেঘের আনাগোনা না থাকলেও দুপুর গড়াতে বিকেল ও সন্ধ্যায় একাধিক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ায় আবহাওয়ায় স্পষ্ট পরিবর্তন আসে। রাতেও হয়েছে বৃষ্টি। গরমের দাপট অনেকটাই কমে যায়, ভোরের দিকে হালকা শীতের আমেজও টের পেয়েছেন অনেকেই।
কয়েক সপ্তাহ আগেও যখন পারদ ৪২ ডিগ্রিতে পৌঁছেছিল, তখন এমন আবহাওয়া কল্পনাতীত ছিল। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে এখনও কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। সেই কারণেই মে মাসেও এমন ঘনঘন ঝড়-বৃষ্টির দেখা মিলছে।