নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
নেপাল বোঝালেন আজও তিনি আছেন সেই নেপাল মাহাতোই। ঝালদা শহরে নেপাল মাহাতো-র সমর্থনে আয়োজিত মিছিল ঘিরে যেন জন সমুদ্র। তবে শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, এই কর্মসূচিকে 'মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের প্রতিফলন' হিসেবেই তুলে ধরেন নেপাল মাহাতো। তাঁর দাবি, সাধারণ মানুষের উপস্থিতিই প্রমাণ করছে যে এলাকায় পরিবর্তনের চাহিদা বাড়ছে।
মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,।“আমি কোনও সেলিব্রিটি নই, হেলিকপ্টারে ভেসে আসা নেতা নই। আমি সবসময় মানুষের মধ্যেই থাকি।”
প্রচারে বাইরের তারকা আনার প্রবণতাকেও তিনি কটাক্ষ করেন। তাঁর কথায়, “চাকচিক্য দেখিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাঘমুন্ডির মানুষ এখন অনেক বেশি সচেতন।”
এদিনের কর্মসূচির মাধ্যমে এলাকায় কংগ্রেসের সংগঠন ও জনভিত্তি এখনও জোরালো বলে রাজনৈতিক মহলের ধারণা।