নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
উৎসবের আনন্দ ছাপিয়ে এবার কলকাতার চোরবাগানের মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া পুরুলিয়াতেও। একদিকে যখন পুরুলিয়ার মন্ডপে মন্ডপে ভক্তিভরে কুমারী পূজা চলছে, ঠিক তখনই জাঁকজমক থেকে সরে এসে সংযত ও শান্তিপ্রিয় উপায়ে দুর্গোৎসব পালনের বার্তা দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
মঙ্গলবার পুরুলিয়ার চাইবাসা রোড ষোলআনা দুর্গাপূজা কমিটির মন্দিরে ঐতিহ্যবাহী কুমারী পূজায় অংশ নেন সাংসদ এবং জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব। কুমারী পূজার অঞ্জলি দেওয়ার পাশাপাশি এদিনের পরিবেশ ছিল যথেষ্ট গম্ভীর।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "চোরবাগানের দুঃখজনক ঘটনা পুরো রাজ্যবাসীকে স্তব্ধ করে দিয়েছে। এই বেদনাবিধূর পরিস্থিতিতে প্রতিবছরের মতো মাত্রাতিরিক্ত উৎসবের আলোয় মেতে না উঠে, জঙ্গলমহল সহ পুরো পশ্চিমবঙ্গজুড়ে ভিড় এড়িয়ে শান্ত মনে মা দুর্গার আরাধনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে রাজ্যের সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা ও মঙ্গল কামনা করেই এদিনের পুজো সম্পন্ন হয়।"
মহোৎসবের জৌলুস ও চাকচিক্যকে দূরে সরিয়ে রেখে মানবিক সমবেদনা এবং সংযমের বার্তা নিয়েই এবার পুরুলিয়ার মণ্ডপগুলিতে চলছে মা দুর্গার আরাধনা।