নিজস্ব প্রতিনিধি, আড়শা:
অবৈধ ভাবে বালি উত্তোলন ও পরিবহণের অভিযোগে তিনটি ট্রাক্টর আটক করল পুরুলিয়া জেলা প্রশাসন। সোমবার আড়শা থানার আহাড়রা মোড়ে অভিযান চালিয়ে ওই তিনটি ট্রাক্টর আটক করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন পরিবহণ দফতর ও ভূমি দফতরের আধিকারিকেরা যৌথ অভিযানে নামেন। তারপরেই আহাড়রা মোড় থেকে ওই তিনটি ট্রাক্টর আটক করা হয়। তিনটি ট্রাক্টর থেকে প্রায় ৩০০ ঘনফুট বালি বাজেয়াপ্ত করা হয়। আইন অনুযায়ী জড়িতদের মোট ২ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালি উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি, বালির অতিরিক্ত দাম নেওয়া বন্ধ করা এবং সাধারণ মানুষকে ন্যায্য দামে বালি দেওয়ার বিষয়েও নজর রাখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।