নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া
তীব্র গরম আর দাবদাহ উপেক্ষা করেই ভোট গ্রহণের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন ভোটকর্মীরা। সকাল থেকেই বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার (ডিসি)-তে ভিড় জমাতে শুরু করেছিলেন তাঁরা। সেখান থেকে প্রয়োজনীয় ইভিএম, ভিভিপ্যাট, নথিপত্রসহ যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করে নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সবাই।
প্রখর রোদ যেন ভোটকর্মীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা ক্রমশ বাড়লেও দায়িত্ব পালনে কোনও খামতি রাখতে চান না তাঁরা। অনেকেই বলছেন, গরমে শারীরিক কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু দায়িত্বের কাছে সেই কষ্ট তুচ্ছ।
ভোটকর্মী শ্রেয়া মুখোপাধ্যায় জানান, আজ তাঁদের মূল কাজ হল ডিসি থেকে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা। এরপর নির্দিষ্ট বুথে পৌঁছে রাত কাটাতে হবে। আগামীকাল সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে। তিনি বলেন, “এখন পর্যন্ত ব্যবস্থাপনা ঠিকঠাকই রয়েছে। তবে বুথে পৌঁছনোর পরই বোঝা যাবে নিরাপত্তা, জল বা অন্যান্য সুবিধার ব্যবস্থা কেমন আছে।” তিনি আরও জানান, সমস্ত প্রক্রিয়া মেনে রেজিস্ট্রেশন করার পর বাসে করে তাঁদের বুথে নিয়ে যাওয়া হবে।
অন্যদিকে, আরেক ভোটকর্মী সপ্তর্ষি রক্ষিত বলেন, গরমের কারণে কিছুটা অসুবিধা হলেও তা মেনে নিয়েই কাজ করতে হচ্ছে। “কষ্ট হলেও দায়িত্ব পালন করতেই হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে সরঞ্জাম নিতে হচ্ছে, সবকিছু মিলিয়ে নেওয়াও জরুরি,” বলেন তিনি। তিনি হুড়া থেকে এসে পুরুলিয়ার রাঘবপুর অঞ্চলে দায়িত্ব পেয়েছেন বলেও জানান। এখনও পর্যন্ত বড় কোনও সমস্যার সম্মুখীন হননি বলেও তাঁর দাবি।
ঝালদা সত্যভামা বিদ্যাপীঠে ঝালদা হাই স্কুলের ৪৬ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার সোমা কুন্ডু ও মহিলা ভোটকর্মী ময়না কুন্ডু জানান, নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে তাঁরা প্রস্তুত এবং ভোট পরিচালনা নিয়ে যথেষ্ট উৎসাহও রয়েছে।
মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র দাবদাহ সত্ত্বেও নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে প্রস্তুত।