নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ স্বামী যোগযুক্তানন্দ এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপ পুরপ্রধান প্রহ্লাদ দে-কে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে রঘুনাথপুর শহরে।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ, গত ডিসেম্বর মাসে প্রাক্তন উপ-পৌরপ্রধান সঙ্ঘ ও মহারাজকে উদ্দেশ্য করে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা সম্প্রতি ফের ভাইরাল হতেই স্থানীয় স্তরে ক্ষোভের সঞ্চার হয়।
ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বলেন, "সেবাই আমাদের কাজ। আমাদের রঘুনাথপুরে একটা সেন্টার রয়েছে। এখানে স্কুল আছে, এখানে আদিবাসী হোস্টেল আছে, গরিব ছেলেরা এখানে বিনে পয়সায় থাকে, এখানে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। সারাবছর আমরা, এখানে জন সেবার কাজ করছি। প্রায় ৩৫ বছর ধরে, ভারত সেবাশ্রম সঙ্ঘ সেবাকাজ করে আসছে। তার সঙ্গে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার জাগরণ করিয়ে আসছে। সেইরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠানকে একজন ব্যক্তি বদনাম করবার জন্য চেষ্টা করেছেন।"
ভাইরাল ভিডিওটি সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এদিকে রঘুনাথপুরে উত্তেজিত জনতার সামনে হাজির হয়ে ক্ষমা চান তৃণমূল নেতা প্রহ্লাদ দে। তাঁকে কান ধরে ওঠবস করানো হয়। ঘটনার সময় উপস্থিত জনতার একাংশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। তাকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। পরিস্থিতি সামাল দিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ককে ঘিরে যাতে নতুন করে কোনো আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, প্রশাসন সেদিকে কড়া নজর রাখছে।