নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে কালবৈশাখীর দাপট। প্রবল গেরুয়া আর কালবৈশাখী ঝড়-বৃষ্টি- বজ্রবিদ্যুতে ভিজে গেল পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা। ৪ মে জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ২৭.৪২ মিলিমিটার। এ মাসে চমকে দেওয়া বৃষ্টি, ঠিক যেমন বিজেপি চমকে দিয়েছে পুরুলিয়ার ৯টি বিধানসভা আসনেই তৃণমূলকে ক্লিন সুইপ করে।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নিতুড়িয়ায়, ৫২.০ মিমি। কাশিপুরে ৪৮.২ মিমি, জয়পুরে ৪৩.২ মিমি, বরাবাজারে ৩৬.২ মিমি এবং বলরামপুরে ৩৪.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এছাড়া হুড়ায় ২৭.৪ মিমি, পাড়ায় ২৫.২ মিমি, হাতোয়াড়ায় ২৩.৪ মিমি, পুঞ্চায় ১৯.৮ মিমি, সাঁতুড়িতে ১৮.০ মিমি, মানবাজারে ১২.৩ মিমি, বাঘমুণ্ডিতে ১০.২ মিমি এবং ঝালদায় ৬.২ মিমি বৃষ্টি হয়েছে।
বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের প্রভাবও ছিল চোখে পড়ার মতো। বিকেলের দিকে আকাশ কালো করে নামা মেঘে অনেক জায়গায় দিনের আলো দ্রুত ফিকে হয়ে যায়।
এই বৃষ্টির জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও বড় পরিবর্তন দেখা গেছে রাতের পারদে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ২০.৪ ডিগ্রি। ফলে ভোরের দিকে মিলেছে আরামদায়ক আবহাওয়া।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা বিপুল জলীয় বাষ্প এবং বায়ুমণ্ডলের অস্থিরতার জেরেই এই দফায় দফায় কালবৈশাখী। আগামী কয়েক দিনেও এমন বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।