অন্যান্য

জঙ্গল রক্ষা ও আসন্ন জনগণনা নিয়ে তৎপরতা, পুরুলিয়ায় আদিবাসী কুড়মি সমাজের বিশেষ বৈঠক

আসন্ন 'জনগণনা' এবং 'জঙ্গল জিআউ হামদুমি' বা জঙ্গল রক্ষা কর্মসূচিকে সামনে রেখে পুরুলিয়ায় এক গুরুত্বপূর্ণ বৈঠক করল আদিবাসী কুড়মি সমাজের জেলা কমিটি।
জঙ্গল রক্ষা ও আসন্ন জনগণনা নিয়ে তৎপরতা, পুরুলিয়ায় আদিবাসী কুড়মি সমাজের বিশেষ বৈঠক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আসন্ন 'জনগণনা'  এবং 'জঙ্গল জিআউ হামদুমি' বা জঙ্গল রক্ষা কর্মসূচিকে সামনে রেখে পুরুলিয়ায় এক গুরুত্বপূর্ণ বৈঠক করল আদিবাসী কুড়মি সমাজের জেলা কমিটি। এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা তথা 'মূল মানতা' অজিত প্রসাদ মাহাত সহ অন্যান্য সদস্যরা।
বৈঠকে মূলত কুড়মি সম্প্রদায়ের অধিকার ও নিজস্ব পরিচয় রক্ষার বিষয়ে জোর দেওয়া হয়। আসন্ন জনগণনা যেকোনো জাতি বা সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ভবিষ্যতের উন্নয়নমূলক পরিকল্পনায় নিজেদের ন্যায্য স্থান নিশ্চিত করতে কুড়মি সম্প্রদায়ের প্রত্যেক সদস্যকে সেন্সাসে সঠিক তথ্য প্রদান এবং নিজেদের পরিচয় স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে এই মঞ্চ থেকে।

অন্যদিকে, বর্তমান পরিবেশ সংকটের কথা মাথায় রেখে 'জঙ্গল জিআউ হামদুমি' কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ঐতিহ্যগতভাবেই কৃষিজীবী কুড়মি সমাজ প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বন সংরক্ষণে তাঁদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে নেতৃত্বের বার্তা, শুধু কুড়মি সম্প্রদায় নয়, জঙ্গল রক্ষার এই প্রতীকী সচেতনতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই উদ্বুদ্ধ করবে।

সবশেষে সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে বলা হয়, বিগত কয়েক বছর ধরে আদিবাসী কুড়মি সমাজ সফলতার সঙ্গে এই কর্মসূচি অনুষ্ঠিত করে আসছে। এবছর ১০ ই মে থেকে ১৬ ই মে এই সাতদিন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বনজ সম্পদ সংরক্ষনে সচেতনতা বাড়ানোর উদ্যোগে সামিল হয়ে পৃথিবীকে সবুজ রাখতে সাহায্য করার কথাও বলা হয়।