নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশের ঝালদা থানা। ঝালদা-গোলা রোডের রেলগেটের কাছ থেকে ৪০০ সিএফটি অবৈধ বালি সহ ৪টি নম্বর প্লেটহীন ট্রাক্টর ও ট্রলি বাজেয়াপ্ত করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চম্পট দেয় চালকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে এই সংক্রান্ত খবর পেয়ে এএসআই সুজিত মণ্ডলের নেতৃত্বে ঝালদা থানার একটি বিশেষ দল ঝালদা-গোলা রোড সংলগ্ন রেলগেট এলাকায় নাকা তল্লাশি চালায়। সেই সময় সন্দেহভাজন ৪টি নম্বর প্লেট ছাড়া ট্রাক্টরকে থামানোর চেষ্টা করলে, চালকেরা গাড়িগুলি রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায়। এরপর পুলিশ গাড়িগুলিতে তল্লাশি চালিয়ে ৪০০ সিএফটি অবৈধভাবে উত্তোলিত বালি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া বজায় রেখে ‘ই-সাক্ষ্য’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বালি সহ ৪টি ট্রাক্টরই বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গাড়িগুলির মালিক ও পলাতক চালকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই অবৈধ বালি কোথা থেকে তোলা হচ্ছিল এবং কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পলাতক চালক ও মালিকদের শনাক্ত করতে তল্লাশি চলছে।
জেলায় অবৈধ বালি খনন এবং পাচার রুখতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফলে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।