অন্যান্য ব্লক শহর ভোটের খবর

তাপমাত্রা হতে পারে ৪৪ ডিগ্রি! ভোটে তাপপ্রবাহ, রয়েছে কালবৈশাখী সতর্কতা, নিরাপত্তায় জোর প্রশাসনের

পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পূর্বাভাস তাপপ্রবাহের পাশাপাশি কালবৈশাখীর ঝড়-বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
তাপমাত্রা হতে পারে ৪৪ ডিগ্রি! ভোটে তাপপ্রবাহ, রয়েছে কালবৈশাখী সতর্কতা, নিরাপত্তায় জোর প্রশাসনের

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আসন্ন ভোটকে কেন্দ্র করে চরম গরম ও সম্ভাব্য কালবৈশাখীর কথা মাথায় রেখে একাধিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পূর্বাভাস তাপপ্রবাহের পাশাপাশি কালবৈশাখীর ঝড়-বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে ভোটার ও ভোটকর্মীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলার চারটি ভোট সামগ্রী  বিতরণ কেন্দ্র সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, রঘুনাথপুর কলেজ, মানবাজার মানভূম মহাবিদ্যালয় এবং ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ থেকে ভোটকর্মীরা ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইতিমধ্যেই বুথে বুথে পৌঁছে গেছেন।

প্রত্যেকটি ভোটকেন্দ্রে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি তীব্র গরম থেকে রক্ষা পেতে এবং যাতে ভোটারদের লাইনে দাঁড়াতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে বুথে ছাউনি দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ভোটকর্মীদের জন্য বিশেষ কিটে রাখা হয়েছে ওআরএস এবং জল বিশুদ্ধকরণ ট্যাবলেট। কারণ জেলার কিছু এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।

কালবৈশাখীর সম্ভাবনা মাথায় রেখে প্রতিটি বিতরণ কেন্দ্রে ত্রিপল মজুত রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিভিল ডিফেন্স টিম প্রস্তুত রয়েছে। বৃষ্টির মধ্যেও যাতে বিদ্যুৎ পরিষেবা সচল থাকে এবং বুথে ওয়েব কাস্টিং ব্যাহত না হয়, সেজন্য বিদ্যুৎ দফতরের ৪৮টি দল প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি সাব-স্টেশন ও কাস্টমার কেয়ার সেন্টারকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক সুধীর কোন্থম জানিয়েছেন, তাপপ্রবাহ ও সম্ভাব্য ঝড়-বৃষ্টির দুই পরিস্থিতির কথা মাথায় রেখে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।