ব্লক

পাশেই জল প্রকল্প, তবুও চুয়ার জলেই তৃষ্ণা মেটাতে হয় পটমপুটরা গ্রামের বাসিন্দাদের

পুরুলিয়ার পটমপুটরা গ্রামের লায়া পাড়ার মহিলাদের অবস্থা ঠিক যেন সুকুমার রায়ের' অবাক জলপান' এর সেই তৃষ্ণার্ত পথিকের মতোই । গ্রামবাসীদের দাবি, বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানালেও সমস্যার সমাধান হয়নি।
পাশেই জল প্রকল্প, তবুও চুয়ার জলেই তৃষ্ণা মেটাতে হয় পটমপুটরা গ্রামের বাসিন্দাদের

 


দেবীলাল মাহাতো, পুরুলিয়া:  

ভোট আসে, প্রতিশ্রুতি আসে। ভোট যায়, কিন্তু জল আসে না। তাই বাধ্য হয়ে নদীতে চুয়া খুঁড়ে জল সংগ্রহ করতে হয় গ্রামবাসীদের। নদীতে বান এলে ,  তখন ঘোলা জলেই ভরসা। পুরুলিয়ার পটমপুটরা গ্রামের লায়া পাড়ার মহিলাদের অবস্থা ঠিক যেন সুকুমার রায়ের' অবাক জলপান' এর সেই তৃষ্ণার্ত পথিকের মতোই । গ্রামবাসীদের দাবি, বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানালেও সমস্যার সমাধান হয়নি।

পুরুলিয়া ১ ব্লকের গাড়াফুসড়ো গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম পটমপুটরা। কংসাবতী নদীর তীরে সেই গ্রামের লায়া পাড়া। প্রায় ৫০ টি পরিবারের বসবাস। গ্রামে নেই কোনো নলকূপ। একটি সৌরচালিত পাম্প থাকলেও,জল পেতে তাকিয়ে থাকতে হয় আকাশের দিকে। অভিযোগ, এমনিতেই কংসাবতী নদী যাওয়ার কোনো রাস্তা নেই। চড়া রোদে খেতের আলপথ দিয়ে জল আনতে যেতে হয় গ্রামের মহিলাদের। দিনে চার থেকে পাঁচ বার।


গ্রামবাসীরা জানান, গ্রামের কিছুটা দূরেই রয়েছে সিন্দরী চাষমোড় জল প্রকল্প। সেই প্রকল্প থেকে ৪-৫ টি গ্রামের মানুষ জল পেলেও, বঞ্চিত থেকে গিয়েছে পটমপুটরা গ্রাম। সেই প্রকল্প থেকে গ্রামে জল সরবরাহের জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন করেছেন গ্রামবাসীরা। কিন্তু গ্রামে জল পৌঁছায়নি। গ্রামের বাসিন্দা আদরি সিং সর্দার , ললিতা লায়া ক্ষোভের সুরে বলেন, " গ্রামের সামনেই রয়েছে জল প্রকল্প। কিন্তু আমরাই জল পাচ্ছি না । কষ্ট করে নদী থেকে জল আনতে যেতে হয়।"