নিজস্ব প্রতিনিধি, আড়শা:
কংসাবতী নদীর উপর কাঁটাবেড়া সেতুর কাজ দ্রুত শেষ করা , বেলডি সেতুর সংস্কার, বেলডি-আড়শা রাস্তার মেরামত সহ ১২ দফা দাবিতে মঙ্গলবার বেলডি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে স্মারকলিপি দিল ডিওয়াইএফআইয়ের বেলডি অঞ্চল কমিটি।
সংগঠনের দাবি, কাঁটাবেড়া সেতুর কাজ শেষ না হওয়ায় এলাকার বাসিন্দাদের নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। পাশাপাশি বেলডি সেতুর বেহাল দশার কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে বেলডি-আড়শা রাস্তার বিভিন্ন অংশ খানাখন্দে ভরে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াত দুর্বিসহ হয়ে উঠেছে। বালির কালোবাজারি বন্ধ করার দাবিও এদিন জানানো হয় । ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক চিরঞ্জিত মুখোপাধ্যায় বলেন, “দীর্ঘ ন' বছর ধরে কাঁটাবেড়া সেতুর কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সেতু ও রাস্তার সমস্যার দ্রুত সমাধানের দাবিতে প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।” বেলডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা রজক জানান , "দাবিপত্র পেয়েছি। দাবি গুলি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"