নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
মোবাইল ফোন হারিয়েছে। তাই নতুন ফোন চাই। মায়ের কাছে টাকা চেয়েও মিলল না। আর সেই ‘না’-এর জবাবে মা-কে বেধড়ক লাঠি দিয়ে বেধড়ক পেটালো ছেলে! শুধু মারধরই নয়, অভিযোগ উঠেছে মায়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। নতুন মোবাইলের আবদার ঘিরে মায়ের উপর ছেলের এমন হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বলরামপুর ব্লকের দড়দা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ফলারি মাহাতো। শুক্রবার ভোরে ঘরের কাজ করছিলেন তার মা বিমলা মাহাতো। অভিযোগ, নতুন মোবাইল কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করে ফলারি। টাকা দিতে অস্বীকার করতেই শুরু হয় বচসা। এর পরেই লাঠি নিয়ে মায়ের উপর চড়াও হয় ছেলে। মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিমলা।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর পরেও থামেনি ফলারি। ঘরে কেরোসিন ছড়িয়ে মাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় কোনও রকমে বিমলাকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে ফলারির মোবাইল ফোনটি হারিয়ে যায়। নতুন ফোন কেনার জন্য মায়ের কাছে টাকা চাওয়া নিয়েই বৃহস্পতিবার বিকেলে মা-ছেলের মধ্যে বচসা হয়েছিল। তার পরের দিন ভোরেই পরিস্থিতি হাতাহাতি থেকে লাঠির আঘাতে গড়ায় বলে অভিযোগ।
আহত মহিলার স্বামী তথা ফলারির বাবা অঙ্কুর মাহাতোর অভিযোগক্রমে ফলারিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
মোবাইল হারানোর দুঃখ, নতুন ফোন কেনার আবদার— এ সবই হয়তো আধুনিক জীবনের পরিচিত ছবি। কিন্তু সেই ফোনের টাকার জন্য মায়ের মাথায় লাঠি চালানোর অভিযোগ যেন ‘স্মার্টফোন’-এর যুগে মানবিকতার বুকে বড়সড় ‘লো ব্যাটারি’ বার্তাই দিয়ে গেল।