নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
মানবাজারে কুড়মি জাতিসত্তা আন্দোলনের একাংশের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন মোড় দেখা গেল। এতদিন তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে “নো ভোট টু টিএমসি” স্লোগান তুললেও, কাকে সমর্থন করবেন তাঁরা, তা স্পষ্ট করেননি। তবে এবার নির্বাচনের মুখে সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে একাংশ সরাসরি বিজেপির দিকে ঝুঁকেছে। মানবাজার বিধানসভার বিপ্রা গ্রামে সম্প্রতি প্রায় তেত্রিশটি পরিবারের শতাধিক ভোটার বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি দলের। বিজেপি প্রার্থী ময়না মুর্মু উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হয়। দলীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারীদের এই যোগদানকে বিজেপি তাদের শক্তি বৃদ্ধির লক্ষণ হিসেবে তুলে ধরছে।
অন্যদিকে,আন্দোলনকারীদের অভিযোগ জাতিসত্তার দাবিতে আন্দোলনের সময় রাজ্য সরকারের তরফে প্রতিশ্রুতি পূরণ হয়নি, বরং পুলিশের কঠোর ব্যবহারের মুখে পড়তে হয়েছে। সেই অসন্তোষ থেকেই তাদের এই রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।