নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
গ্রামবাসীদের সঙ্গে মিশে তাঁদের মতো মাটিতেই বসে পড়লেন ঝালদা থানার আইসি ঝালদা শেষ কুমার। গ্রীষ্মের দাবদাহে জলকষ্ট রুখতে আজও যাদের ভরসা সাপাই নদী, ঝালদা থানার সেই প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত কলমা গ্রাম পঞ্চায়েতের কুলাজাঙ্গা গ্রামে এবার একটি বিশেষ জনসংযোগ কর্মসূচি নিয়ে পৌঁছে গেলো পুলিশ। শুক্রবার গ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়াতে এবং তাঁদের সামাজিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ঝালদা থানার উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই কর্মসূচি ।
এদিনের অনুষ্ঠানে কুলাজাঙ্গা গ্রামের প্রায় ৩৫-৪০টি পরিবারের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। গ্রামের মানুষের দৈনন্দিন অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনার পাশাপাশি, প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতের সঙ্গে যুক্ত করতে একগুচ্ছ সচেতনতামূলক বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।