নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
জাল লটারি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নিতুড়িয়া থানার পুলিশ। প্রায় এক বছর ধরে গা-ঢাকা দিয়ে থাকা চক্রের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি তার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ১১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতের নাম শক্তি যাদব। বাড়ি নিতুড়িয়া থানার আমডাঙা গ্রামে।
পুলিশ সূত্রের খবর, ২০২৫ সালের ২৩ এপ্রিল জাল নাগাল্যান্ড ও ডিয়ার লটারির টিকিট বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নগদ ২২ হাজার টাকা উদ্ধার হয়েছিল। সেই মামলার তদন্তে উঠে আসে একটি বড় চক্রের হদিস। তদন্তকারীদের দাবি, ওই চক্রের মূল হোতা ছিল শক্তি যাদব। ঘটনার পর থেকেই সে আত্মগোপন করে ছিল।
দীর্ঘদিনের খোঁজাখুঁজির পর রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শক্তি যাদবকে গ্রেপ্তার করে নিতুড়িয়া থানার পুলিশ। পরে তাকে সঙ্গে নিয়ে আমডাঙায় তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ১১ লক্ষ টাকা নগদ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জাল লটারি ব্যবসার সঙ্গেই ওই বিপুল পরিমাণ টাকার যোগ রয়েছে। সোমবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে ২ জনের ৫ দিন পুলিশ হেফাজত হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং জাল লটারির কারবার কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।