নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
দীর্ঘদিনের দহনজ্বালা কাটিয়ে অবশেষে স্বস্তির পরশ পেল পুরুলিয়া। বুধবার সকাল থেকেই আকাশে ছিল মেঘের আনাগোনা, যদিও মাঝেমধ্যে উঁকি দিয়েছে রোদ। ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। কিন্তু বেলা বাড়তেই বদলে যায় আবহাওয়ার চেহারা। আচমকাই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ, তার পরেই ঝড়-বৃষ্টির দাপট।
কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। ঝড়ের তীব্রতায় বিকেলের দিকে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে।
মানবাজারে ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর মিলেছে। বলরামপুরেও ঝড়বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির দাপট চোখে পড়ে। পুরুলিয়া শহর ছাড়াও আড়শা, জয়পুর, ঝালদা, বাঘমুন্ডি, কোটশিলা ও রঘুনাথপুর—জেলার বিস্তীর্ণ অংশেই এদিন ঝড়বৃষ্টির প্রভাব পড়ে। ঝড় ও বজ্রপাতের জেরে আড়শা এবং বলরামপুর-সহ বেশ কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটেরও অভিযোগ উঠেছে।
তবে আবহাওয়ার এই বদলকে ইতিবাচক ভাবেই দেখছেন কৃষকরা। আড়শা ব্লকের একাধিক চাষির কথায়, “এই বৃষ্টি চাষের পক্ষে উপকারী হবে।”