নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ছাব্বিশের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে অভিনবত্ব এনেছেন। তবে পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল সরকারের উন্নয়নের বার্তা নিয়ে মানুষের সাথে জনসংযোগ করছেন। সোমবার পুরুলিয়া ২ নং ব্লকের ঘোঙ্গা অঞ্চলের জলেশ্বর গ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন তিনি। তারপর কর্মী-সমর্থকের সঙ্গে উন্নয়নের বার্তা নিয়ে পুরুলিয়া ১ নম্বর ব্লকের ভাণ্ডার পুয়াড়া-চিপিদা অঞ্চলে মানুষের দোরগোড়ায় জনসংযোগ সারেন। তুলে ধরেন তৃণমূল সরকারের ১৫ বছরের কাজের খতিয়ান। তিনি জানান," জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী।"
এই বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে।২০২১ সালে এই আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি। কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বের কারণে বিজেপির প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের কাছে সামান্য ভোটে হেরে যান। এবারের প্রার্থী কে হবেন ,তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল দলের অন্দরে। তবে শেষ পর্যন্ত আবার দলনেত্রী আস্থা রাখেন দলের বর্ষীয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের উপর।
দলনেত্রী তাঁর নাম পুরুলিয়ায় প্রার্থী হিসেবে ঘোষণা করতেই মাটি কামড়ে প্রচারে নেমেছেন তিনি। প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিচ্ছেন।