নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা কিংবা অপরাধ দমন নয়, এবার সাধারণ মানুষের সুরক্ষায় সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা গেল জেলা পুলিশকে। রাতে অন্ধকারের কারণে যাতে কোনো যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়ি দুর্ঘটনার কবলে না পড়ে, সে জন্য নিজেই উদ্যোগ নিয়ে খাল ভরা রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন বান্দোয়ান থানার ওসি মৃন্ময় ভক্ত এবং তাঁর সঙ্গীরা।
জানা গেছে, প্রশাসন নির্ধারিত নির্দিষ্ট রুট ম্যাপ অনুযায়ী বান্দোয়ান-মুদি বাইপাস রাস্তাটি পরিদর্শনে রবিবার বেরিয়েছিলেন বান্দোয়ান থানার ওসি মৃন্ময় ভক্ত। পথ চলার সময় হঠাৎই তাঁর চোখে পড়ে রাস্তার একটি অংশে বড় আকারের বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। রুট ম্যাপের এই গুরুত্বপূর্ণ রাস্তায় অন্ধকারের মধ্যে যেকোনো মুহূর্তে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা।
পরিস্থিতির জটিলতা বুঝে কালবিলম্ব না করে তৎক্ষণাৎ যোগাযোগ করেন বান্দোয়ানের ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) সঙ্গে। সেখান থেকে দ্রুত মাটি ও প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়। এরপর কোনো সরকারি মিস্ত্রি বা পর্যাপ্ত শ্রমিকের অপেক্ষায় না থেকে, কর্তব্যরত পুলিশকর্মীদের সাথে নিয়ে মাটি ফেলে রাস্তা সমতল করার কাজ শুরু করা হয়।
পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপ এবং মানবিক উদ্যোগে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ওই রুটের পথচলতি মানুষ ও যানবাহন চালকেরা। উর্দি পরা পুলিশকর্মীদের এভাবে রাস্তা মেরামতের কাজে অংশ নিতে দেখে স্থানীয় অধিবাসী ও নিত্যযাত্রীরা তাদের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।