সুইটি চন্দ্র, জয়পুর:
জেলা সভাপতি রাজীব লোচন সরেনকে রাজীবলোচন শর্মা বলে ভুল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে বলেছিলেন যতীন্দ্র মাহাতো। এবার বাংলার মাটির সুসন্তানদের কথা বলতে গিয়ে বিরাট ভুল করে বসলেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বামীজি আর নেতাজিকে গুলিয়ে ফেললেন যোগীজি।
জয়পুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতোর সমর্থনে বামনিয়া ডাকবাংলো ময়দানে নির্বাচনী জনসভা সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "তৃণমূলের যত গুন্ডা আছে ধমকি দিচ্ছে মনে রাখবেন ইউপির মত ওই মাফিয়াদের উপর বুলডোজার চলবে"। স্বামী বিবেকানন্দ আর নেতাজিকে গুলিয়ে ফেললেন 'বুলডোজার বাবা' যোগী আদিত্যনাথ। তিনি বললেন, "স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব"। পরেই অবশ্য বলেন, নেতাজির এই বাণী স্বাধীনতা যুদ্ধের মহামন্ত্র হয়ে দাঁড়ায়।
মানভূমের মাটিতে দাঁড়িয়ে মানভূম জননী লাবণ্যপ্রভা ঘোষকে স্মরণ করেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি হিন্দুত্বের পোস্টার বয় যোগীজি সেই হিন্দুত্ব লাইনেই আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, তুষ্টিকরণের রাজনীতি করছেন মমতা দিদি।
এদিন যোগী আদিত্যনাথের বক্তব্য শুনতে ভিড় জমান কয়েক হাজার মানুষ। মঞ্চের সামনেই রাখা হয়েছিল বুলডোজার।