নিজস্ব প্রতিনিধি, বোরো:
বিয়ের আশীর্বাদের রাতই হয়ে উঠল মৃত্যুর রাত। বাড়ির শোবার ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হল পাত্রের। শুক্রবার ভোরে পুরুলিয়ার বোরো থানার সিন্দরাইডি গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত পাত্রের নাম রমেশ চন্দ্র টুডু (২৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কনের বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠানে গিয়েছিলেন পরিবারের সকলে। বাড়িতে একাই ছিলেন রমেশ। ভোরে বাড়ির লোকজন ফিরে এসে ঘরের মেঝেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। রক্তে ভেসে গিয়েছিল ঘর। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু হয়েছে। ঘর সিল করে ফরেনসিক পরীক্ষা হবে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিয়ে ঠিক হওয়ার আগে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের। সেই সূত্র ধরেই খুনের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।