ক্রাইম ব্লক

অবৈধ মদের সমুদ্র! চোলাই কারবার রুখতে জেলাজুড়ে অভিযান

দুই গ্রামে তল্লাশি চালিয়ে মদ তৈরির মারাত্মক খতিয়ান উঠে আসে। উদ্ধার হয় প্রায় ৬,০০০ লিটার ফারমেন্টেড ওয়াশ (মদ তৈরির মূল উপকরণ) এবং ১৫০ লিটার তৈরি চোলাই মদ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই মদ ও উপকরণগুলিও পুলিশ ও আবগারি কর্তাদের উপস্থিতিতে ঘটনাস্থলেই ড্রাম কেটে ও মাটিতে ঢেলে নষ্ট করে দেওয়া হয়।
অবৈধ মদের সমুদ্র! চোলাই কারবার রুখতে জেলাজুড়ে অভিযান

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জেলাজুড়ে বেআইনি চোলাই মদের কারবার রুখতে মঙ্গলবার  এক বিশাল অভিযানে নামল পুরুলিয়া জেলা পুলিশ ও আবগারি দফতর। জেলার বিভিন্ন থানা এলাকায় চালানো এই অভিযানে বিপুল পরিমাণ বেআইনি মদ ও তা তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রথম অভিযানটি চালানো হয় জামতোড়িয়া আইসির  অধীনে থাকা বড়গড়িয়া গ্রামে। সেখান থেকে  ৪০ লিটার বেআইনি চোলাই মদ বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। উদ্ধার হওয়া সমস্ত মদ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।

অন্যদিকে, এদিনের সবচেয়ে বড় সাফল্যটি আসে জয়পুর থানার ঘাগরা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত দুই আদিবাসী গ্রাম কাওয়াহারা এবং কালিকাপুরে। সেখানে আবগারি দফতরের  সাথে যৌথভাবে একটি অভিযান চালায় পুলিশ। এই অভিযানে উপস্থিত ছিলেন স্বয়ং ডেপুটি এক্সাইজ কালেক্টর ।
ওই দুই গ্রামে তল্লাশি চালিয়ে মদ তৈরির মারাত্মক খতিয়ান উঠে আসে। উদ্ধার হয় প্রায় ৬,০০০ লিটার ফারমেন্টেড ওয়াশ (মদ তৈরির মূল উপকরণ) এবং ১৫০ লিটার তৈরি চোলাই মদ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই মদ ও উপকরণগুলিও পুলিশ ও আবগারি কর্তাদের উপস্থিতিতে ঘটনাস্থলেই ড্রাম কেটে ও মাটিতে ঢেলে নষ্ট করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলার বুক থেকে এই বেআইনি মদের কারবার সম্পূর্ণ নির্মূল করতে এই ধরণের অভিযান আগামীদিনেও জারি থাকবে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।