নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
গণতন্ত্রের উৎসবে একদিকে যান্ত্রিক ত্রুটির কাঁটা, অন্যদিকে রাজনৈতিক উত্তাপ, দুইয়ে মিলিয়ে ভোটের দিন সকাল থেকেই বেশ সরগরম পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র। সাময়িক ইভিএম বিভ্রাটের পাশাপাশি দিনভর চলল শাসক ও বিরোধী শিবিরের পালটা অভিযোগের পালা।
সকালের দিকে নিতুড়িয়া ব্লকের নিতুড়িয়া বুথে শাসকদল তৃণমূলের কর্মীরা অকারণে ঝামেলা সৃষ্টির চেষ্টা করেছিল বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী মামনি বাউরি। পাশাপাশি তিনি জানান, শুরুতে এলাকার অন্তত পাঁচটি ইভিএম মেশিন খারাপ থাকলেও তা দ্রুত সারিয়ে ফেলা হয় এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, পাঁচটি ইভিএম খারাপ হওয়ার বিষয়টি স্বীকার করে নিলেও তৃণমূল প্রার্থী হাজারী বাউরির নিশানায় ছিল মূলত কেন্দ্রীয় বাহিনী। তাঁর অভিযোগ, সুরক্ষার দায়িত্বে থাকা জওয়ানরা সাধারণ ভোটারদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করছেন। কাঠফাটা রোদের মধ্যে ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। সাধারণ মানুষের হয়রানির এই ঘটনায় তিনি রিটার্নিং অফিসারের কাছে রীতিমতো লিখিত অভিযোগও দায়ের করেছেন।