সাধারণ খবর শহর

ফুটপাথ দখলমুক্ত করতে আরও বড়ো বুলডোজার অভিযান, সতর্ক করলেন খোদ পুলিশ সুপার

পুলিশ সুপার জানান, "যারা রাস্তা ও ফুটপাথ দখল করে ব্যবসা করছেন, তাদের এলাকা খালি করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে শীঘ্রই সেখানে আরও বড় বুলডোজার অপারেশন চালানো হবে"।
ফুটপাথ দখলমুক্ত করতে আরও বড়ো বুলডোজার অভিযান, সতর্ক করলেন খোদ পুলিশ সুপার

 

সুইটি চন্দ্র, ও শুভদীপ মাহাতো পুরুলিয়া:

শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং যানজট সমস্যা সমাধানে এবার সরাসরি রাস্তায় নামলেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ। শহরের ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখতে এবং বেআইনিভাবে ফুটপাথ ও রাস্তা দখলকারীদের সতর্ক করতে সোমবার রাতে পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে অভিযানে বের হন।

পরিদর্শন চলাকালীন পুলিশ সুপার কর্তব্যরত পুলিশ ও ট্রাফিক আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন যে, শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে কোনও রকম আপস করা যাবে না। বিশেষ করে কোর্ট রোড থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এলাকার সমস্ত বেআইনি দখলদারি অবিলম্বে সরাতে হবে।  পুলিশ সুপার  জানান, "যারা রাস্তা ও ফুটপাথ দখল করে ব্যবসা করছেন, তাদের এলাকা খালি করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে শীঘ্রই সেখানে আরও বড় বুলডোজার অপারেশন চালানো হবে"।


পুলিশের এই অভিযানের পর উচ্ছেদ আতঙ্কে ভুগছেন স্থানীয় ছোট ছোট দোকানদারেরা। এমনই এক ব্যবসায়ী কলিম খান জানান, "পুলিশ ও প্রশাসনের তরফ থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামীকালের মধ্যে আমাদের দোকান ও মালপত্র সরিয়ে নিতে হবে। আমরা প্রায় ২০ বছর ধরে এখানে ছোটখাটো ব্যবসা করে আসছি। হঠাৎ এভাবে উচ্ছেদ করা হলে আমাদের মতো গরিব মানুষদের জীবন-জীবিকা বড় সংকটের মুখে পড়বে।"

ব্যবসায়ীদের দাবি, তারা আইন মেনে চলতে রাজি, তবে প্রশাসন যেন তাদের পুনর্বাসন বা ছোটখাটো দোকান দেওয়ার বিষয়টি বিবেচনা করে, যাতে তাঁরা জীবিকা নির্বাহ করতে পারেন।