ক্রাইম ব্লক

নিতুড়িয়ার ঘটনার পর কড়া প্রশাসন, পুঞ্চায় লাইসেন্সবিহীন নার্সিংহোমের ঝাঁপ বন্ধ করলো পুলিশ, স্বাস্থ্যেও জিরো টলারেন্স নীতি

ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও বেআইনিভাবে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে সিল করা হলো মানভূম বিসিএম হাসপাতাল। বুধবার পুরুলিয়ার পুঞ্চা ব্লকের কেন্দা থানার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই হাসপাতালে একটি যৌথ পরিদর্শন ও অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসন।
নিতুড়িয়ার ঘটনার পর কড়া প্রশাসন, পুঞ্চায় লাইসেন্সবিহীন নার্সিংহোমের ঝাঁপ বন্ধ করলো পুলিশ, স্বাস্থ্যেও জিরো টলারেন্স নীতি

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও বেআইনিভাবে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে সিল করা হলো মানভূম বিসিএম হাসপাতাল। বুধবার পুরুলিয়ার পুঞ্চা ব্লকের কেন্দা থানার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই হাসপাতালে একটি যৌথ পরিদর্শন ও  অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসন।
সরকারি রেকর্ড অনুযায়ী,  হাসপাতালটির ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট লাইসেন্সের মেয়াদ গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখেই শেষ হয়ে গিয়েছিল। লাইসেন্স পুনর্নবীকরণ  না করেই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি চালানো হচ্ছিল।

অভিযোগ পেয়ে মঙ্গলবার  কেন্দা থানার পুলিশকে সঙ্গে নিয়ে পুঞ্চার ব্লক স্বাস্থ্য আধিকারিক  হাসপাতালে একটি প্রাথমিক পরিদর্শন পরিচালনা করেন। সেই সময় ভর্তি থাকা সমস্ত রোগীদের নিরাপদে ছুটি দেওয়া এবং হাসপাতাল প্রাঙ্গণ খালি করার জন্য কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল।
বুধবার দুপুর  নাগাদ পুঞ্চার বিএমওএইচ, কেন্দা থানার পুলিশ কর্মী এবং হাসপাতালের মালিক অহীন্দ্র জানার উপস্থিতিতে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষের অবগতির জন্য এবং নির্দেশিকা অনুসরণের সুবিধার্থে পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের‌ জারি করা আদেশের একটি অনুলিপি হাসপাতালের মূল প্রবেশদ্বারে সাঁটিয়ে দেওয়া হয়েছে।