নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
শেষ রবিবাসরীয় প্রচারে ঐক্যের ছবি দেখা গেল মানবাজারে।মানবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে মানবাজার শহরে দেখা গেল গুরুপদ টুডু, দিলীপ পাত্র ও দেবেন্দ্রনাথ মাহাতো হাতে হাত ধরে হাঁটছেন। অনেক দিন মান অভিমানের ঠেলায় এ চিত্র দেখেননি মানবাজারবাসী।
কয়েক দিন আগে নির্বাচনী প্রচারে মানবাজারে এসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দলনেত্রীর হস্তক্ষেপে মিটে গিয়েছিল দলীয় কলহ। সবাইকে একসাথে নিয়ে চলার পরামর্শ দেন তিনি। ঐক্যের বার্তা দিতে জনসভায় একেবারে প্রথম সারিতে মঞ্চের দু'পাশে তাদের বসানো হয়। কিন্তু তারপরেও গুঞ্জন ছিল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সন্ধ্যারানি টুডুর এবং তাঁর স্বামী গুরুপদ টুডুর সঙ্গে দূরত্ব রয়ে গিয়েছে ওই দুই নেতা মানবাজার ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ পাত্র ও পুরুলিয়া জেলা তৃণমূলের সহ-সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতোর। তৃণমূলের কলহের বিষয়টি নিয়েই নির্বাচনী প্রচারে হাতিয়ার করেছিল বিজেপি।
কিন্তু এদিনের ছবি যেন সব বদলে দিল। যদিও বিজেপির মানবাজার বিধানসভার নেতৃত্ব জানিয়েছে, "এবার মানুষ তাদের পাশে রয়েছে। মানবাজারে পদ্ম ফুটবেই। অন্যদিকে গুরুপদ টুডু সহ ওই দুই নেতাই বলেন, " আমাদের দল একটা বড় পরিবার। মন কষাকষি থাকতেই পারে। মানবাজারে জয় এখন শুধু সময়ের অপেক্ষা। "