নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান;
আবার নাকা নজরদারিতে ধরা পড়ল নগদ টাকা। এবার বান্দোয়ান এলাকায়।নির্বাচনকালীন কড়া তল্লাশির জেরে প্রশাসনের নজর এড়াতে পারল না একটি চার চাকার গাড়ি। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি থেকে উদ্ধার হওয়া ৯৯ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
শুক্রবার বিকেলে বান্দোয়ান থানার ধবনী গ্রামের কাছে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল এস এস টি (স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম)। সেই সময় ঝাড়খণ্ডের কাটিন দিক থেকে বান্দোয়ানের দিকে আসা একটি গাড়িকে সন্দেহ হওয়ায় থামানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ওই নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির চালক ওই টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। দিতে পারেননি সন্তোষজনক ব্যাখ্যাও। ফলে নির্বাচন বিধি মেনে সম্পূর্ণ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।