ক্রাইম ব্লক

বিয়ে বাড়িতে বরযাত্রীদের পথ দেখাতে গিয়ে আক্রান্ত যুবক, ঘটনায় গ্রেফতার ৩

ধৃতরা হল পুরুলিয়া মফস্বল থানার রাঘবপুর গ্রামের দীনেশ বাউরি এবং পুরুলিয়া সদর থানার গাড়িখানার বাসিন্দা রাহুল দাস ও মুনসেফডাঙা এলাকার বাসিন্দা রনীত পাল। শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বিয়ে বাড়িতে বরযাত্রীদের পথ দেখাতে গিয়ে আক্রান্ত যুবক, ঘটনায় গ্রেফতার ৩

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:  

এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল। পরে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে  তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ধৃতরা হল  পুরুলিয়া মফস্বল থানার রাঘবপুর গ্রামের দীনেশ বাউরি এবং পুরুলিয়া সদর থানার গাড়িখানার বাসিন্দা রাহুল দাস ও মুনসেফডাঙা এলাকার বাসিন্দা রনীত পাল। শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

শুক্রবার পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন টামনা থানা এলাকার বেলগুমা বাঙাল পাড়ার বাসিন্দা ঋতুপর্ণা সেন। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন শুক্রবার তারা একটি বিয়ে বাড়িতে রাঘবপুর গ্রামে গিয়েছিলেন। রাতে বরযাত্রীদের পথ দেখিয়ে নিয়ে আসতে স্কুটি নিয়ে গিয়েছিলেন তার স্বামী অরিন্দম বৈষ্ণব। অভিযোগ রাঘবপুর মোড়ের কাছে  অভিযুক্তরা তার স্বামীকে আটকে প্রথমে স্কুটির চাবি কেড়ে নেয়। তারপর লোহার পাইপ দিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। ওই সময় বরযাত্রীদের গাড়িটি পৌঁছে যাওয়ায় অভিযুক্তরা একটি মোটর বাইক ও একটি চার চাকা গাড়িতে করে  পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।