নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
ভোটের দিন কার্যত ফাঁকা পড়ে রইল বুথ। পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার সাঁতুড়ি ব্লকের উপরডি ও কাপাসডাঙ্গা এই দুই আদিবাসী গ্রাম দিল না ভোট।
হঠাৎ করে ভোটকেন্দ্র সরিয়ে দেওয়ায় ক্ষোভে ভোটদান থেকে বিরত থাকলেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপরডি সাঁওতাল বস্তি, মুসলিম বস্তি এবং কাপাসডাঙ্গা গ্রাম মিলিয়ে ১১৪ নম্বর বুথটি আগে পাশের গ্রাম শুনুড়ি বিদ্যালয়ে ছিল। কিন্তু এবারে প্রশাসন সেই বুথ সরিয়ে উপরডি উর্দু প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা।
গ্রামবাসী অন্নদেব হেমব্রম এবং ভরত হেমব্রমের বলেন, "বুথ পরিবর্তনের আগে আমাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। হঠাৎ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় আমরা ক্ষোভ প্রকাশ করে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি"।
প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। ফলে দিনভর বুথ কার্যত ফাঁকাই পড়ে থাকে।