নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
ছাব্বিশের নির্বাচনের আগে ইস্তাহার প্রকাশ করল তৃণমূল। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলরামপুর বিধানসভার মানুষের জন্য ইস্তাহার প্রকাশ করা হয়। এদিন সাধারণ মানুষের কাছে দলের হয়ে ইস্তাহার তুলে ধরেন বলরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। তাৎপর্যপূর্ণ ভাবে সেই ইস্তাহারে স্থান পেয়েছে পুরুলিয়া ১নং ব্লকের কাঁটাবেড়াতে কংসাবতী নদী উপর সেতু নির্মাণ। এরপরেই দীর্ঘদিনের জলযন্ত্রনা মুক্তি মিলবে এই আশায় বুক বাঁধছেন নদীর দুপ্রান্তের মানুষ। এদিন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, " তৃণমূল আবার সরকার গঠন করবে। তারপরেই কাঁটাবেড়াতে কংসাবতী নদীর উপর নতুন করে সেতু নির্মাণ করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে এই ঘাটে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু এক বছর দ্রুত গতিতে কাজ চলার পর মাঝপথে থমকে যায় সেতু তৈরির কাজ। তারপর থেকেই নদীর দুপ্রান্তের মানুষ 'সেতু নির্মাণ সংগ্রাম কমিটি' গঠন করে প্রশাসনের বিভিন্ন জায়গায় দরবার করেছেন। কিন্তু সেতুর কাজ আর এগোয়নি । সেতুর কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তাঁর প্রভাব পড়েছিল ২০২১ সালে বিধানসভা নির্বাচনে। সামান্য ভোটের ব্যবধানে হারতে হয় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোকে। এলাকার মানুষের অভিযোগ ছিল সেই সময় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী ছিলেন শান্তিরাম মাহাতো । কিন্তু পুনরায় সেতু তৈরির বিষয়ে কোনো উদ্যোগ নেননি তিনি। এবার কার্যত ইস্তাহারে সেই সেতুর প্রসঙ্গ রেখে ক্ষতে প্রলেপ দিলেন শান্তিরাম।
ছাব্বিশের নির্বাচনে তৃণমূল আবার প্রার্থী করেছেন বর্ষীয়ান নেতা শান্তিরাম মাহাতোকে । পাশাপাশি নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বিধানসভা ভিত্তিক '১০ প্রতিজ্ঞা'র কথা ঘোষণা করেছেন। সেই' ১০ প্রতিজ্ঞা'য় স্থান পেয়েছে পুরুলিয়া ১ নং ব্লকের কাঁটাবেড়াতে কংসাবতী নদীর উপর সেতু নির্মাণ। তাঁর পরেই আশার আলো দেখছেন বলরামপুর ছাড়াও জয়পুর ও বাঘমুন্ডি বিধানসভার মানুষ। 'সেতু নির্মাণ সংগ্রাম কমিটি'র অন্যতম সদস্য মধুসূদন মাহাতো বলেন ,"কাঁটাবেড়া ঘাটে কংসাবতী নদীর উপর সেতুর দাবি দীর্ঘদিনের। ২০১৬ সালে সেতুর কাজ শুরু হলেও, মাঝপথে থমকে যায়। এইবারে নির্বাচনী ইস্তাহারে তৃণমূল কংগ্রেস কাঁটাবেড়া কংসাবতী নদীঘাটে সেতু নির্মাণের প্রতিজ্ঞা করায় আশার আলো দেখতে পাচ্ছি।"