নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাজ্যের ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলে এবার নির্ণায়ক ভূমিকা নিয়েছে জঙ্গলমহল। পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা আসনের সবকটিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এই অসামান্য সাফল্যের পর জেলা বিজেপির তরফে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন, সংবাদমাধ্যম এবং পুরুলিয়ার সাধারণ মানুষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। নেতৃত্ব স্পষ্ট আশ্বাস দিয়েছেন, দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত সরকারের পতনের পর পুরুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তাঁরা পূরণ করবেন।
পুরুলিয়ায় ৯টি আসনেই জয়ের পর স্বাভাবিকভাবেই জঙ্গলমহল থেকে মন্ত্রিত্ব পাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। অতীতে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব না পাওয়ার যে আক্ষেপ স্থানীয়দের মধ্যে রয়েছে, তা কি এবার মিটবে? এই প্রশ্নের উত্তরে জেলা নেতৃত্ব জানান, দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে যথেষ্ট অবগত এবং তাঁরা চিন্তাভাবনা করছেন। তবে শেষ পর্যন্ত জঙ্গলমহল থেকে কারা মন্ত্রীপদ পাবেন, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েই গেছে।
আগামী ৯ তারিখ কলকাতার ব্রিগেড ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে এই উৎসবের আবহে যাতে কোনোভাবেই ভোট-পরবর্তী হিংসার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে জেলা বিজেপি। নেতৃত্ব সাফ জানিয়েছেন, ভোটের আগে যারা দলে ছিল না, সুযোগ বুঝে হঠাৎ গজিয়ে ওঠা সেইসব সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকতে হবে। বিজেপির নাম ভাঙিয়ে কোনো দাদাগিরি বা অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না। এরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য প্রশাসনকেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি, দলের প্রকৃত কর্মীদের সম্পূর্ণ শান্তিতে এবং রাজনৈতিক শিষ্টাচার মেনে বিজয় উৎসব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।