টুকরো খবর ব্লক শহর

নববর্ষের প্রাক্কালে গভীর সংকট, সেতু ভেঙে বিপদ রঘুনাথপুরে

, দীর্ঘদিন ধরেই সেতুটি বেহাল অবস্থায় ছিল। বর্তমানে পাশেই নতুন কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছিল। সেই সময়ই হঠাৎ সেতুর একাংশ ভেঙে পড়ে।
নববর্ষের প্রাক্কালে গভীর সংকট, সেতু ভেঙে বিপদ রঘুনাথপুরে

 

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

রঘুনাথপুরের কাছে পুরুলিয়া  বরাকর রাজ্য সড়ক পথে বুঁদলা সেতুর একাংশ আচমকা ধসে পড়ায় রবিবার রাত থেকে যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ঘটনায় বরাত জোরে বড় দুর্ঘটনা না ঘটলেও, বিপদে এলাকাবাসী।  প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই সেতুটি বেহাল অবস্থায় ছিল। বর্তমানে পাশেই নতুন কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছিল। সেই সময়ই হঠাৎ সেতুর একাংশ ভেঙে পড়ে।ধস নামার পরই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস ও ছোট গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, “অস্থায়ীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্রিজের নিচ দিয়ে একটি অস্থায়ী রাস্তা তৈরির চেষ্টা চলছে। আগামী ৫-৬ দিন কিছু নিয়ম মেনে যান চলাচল করতে হবে। বড় যানবাহনগুলিকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাইক চলাচল সীমিতভাবে চালু রাখা হয়েছে। সময় বেশি লাগছে। সেকথা চিন্তা করে সাধারণ মানুষকে একটু সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।”

বিজেপি রঘুনাথপুর টাউন সভাপতি শান্তনু চট্টোপাধ্যায়  বলেন,“এই সড়কে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। আগেই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এর আগে বহুবার দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সরকার কোনও গুরুত্ব দেয়নি।”
এক পথচারীদের কথায়, “হঠাৎ করে সেতু ভেঙে পড়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তবে বড় দুর্ঘটনা না হওয়ায় স্বস্তি রয়েছে। এখন যাতায়াতে কিছুটা সমস্যা হচ্ছে।”
প্রশাসনের তরফে দ্রুত মেরামতির কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে জোর তৎপরতা চলছে।