নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:
রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারার পর মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল একটি চার চাকার গাড়ি। অল্প সময়ের মধ্যেই আগুনের গ্রাসে সম্পূর্ণ গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় রাজ্য সড়কে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই গাড়িটি রঘুনাথপুর থেকে শালতোড়ার দিকে যাচ্ছিল। সাঁতুড়ির সাঁড়ির মোড়ে হাই স্কুলের সামনে এসে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার পরই গাড়িতে আগুন লেগে যায়। তবে তার আগেই যাত্রীদেরকে উদ্ধার করতে পারে পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র আগুনের জেরে গাড়ির কাছে যাওয়া সম্ভব হয়নি। আগুনে সম্পূর্ণ গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।