নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
বিধানসভা নির্বাচনে কাশিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তরুণ তৃণমূল নেতা সৌমেন বেলথরিয়াকে । তাঁর নাম ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলেছেন তিনি। বিধানসভার কোনো এলাকাই বাদ রাখছেন না প্রচার থেকে। প্রতিদিন প্রবল দাবাদহ উপেক্ষা করে সাধারণ মানুষের সাথে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন। প্রচারের মাঝে মাঝেই মানুষের সাথে কুশল বিনিময় করছেন। প্রবীণদের কাছে চেয়ে নিচ্ছেন আর্শীবাদ। দলীয় পতাকা হাতে, ১৫ বছরের উন্নয়নের বার্তা নিয়ে সামিল দলীয় কর্মীদের সাথে মিছিল করছেন। মিছিল থেকে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করছেন। তৃণমূল প্রার্থী সৌমেন বেলথোরিয়া জানান," কাশিপুরে তৃণমূল জিতবেই। জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী আমি। "
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে কাশিপুর বিধানসভার মানুষের জন্য ইস্তাহার প্রকাশ করা হয়েছে। সেই ইস্তাহারে আদ্রাকে পৌরসভায় উন্নীত করা হবে বলে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাঁওতালি মাধ্যমের স্কুল গুলোতে পরিকাঠামো উন্নয়ন,হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, হুড়াতে আধুনিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ , কাশিপুরে মহিলা ফুটবল অ্যাকাডেমি পুনরায় খোলা,জলজীবন মিশন প্রকল্পে কাশিপুর বিধানসভার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে ইস্তাহারে আদ্রাকে পৌরসভা স্তরে উন্নীত করার প্রতিশ্রুতিতে মাস্টার স্ট্রোক দিয়েছেন তরুণ তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া।