নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মনে মনে দুর্বল হয়ে গেলে গণনার দিন তৃণমূল করতে হবে না। ম্যারাথন ভার্চুয়াল বৈঠকে এমন কথা বললেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের অভয়বাণী দিয়ে তাঁর বার্তা, জিতবে তৃণমূল। গণনার দিন কীভাবে কাজ করতে হবে, তার খুঁটিনাটি নির্দেশও দিয়েছেন তিনি। ভোর পাঁচটার মধ্যেই গণনাকেন্দ্রে পৌঁছাতে হবে। সঙ্গে রাখতে হবে ডায়েরি। ইভিএম খোলার মুহূর্ত থেকে প্রতিটি তথ্য নথিবদ্ধ করার নির্দেশ। কোথাও ফলাফল ২০০-৩০০ বা হাজার ভোটের ব্যবধানে এলে পুনর্গণনার আবেদন জানাতে হবে বলেও স্পষ্ট করে দেন তিনি।
এজেন্টদের শারীরিকভাবে সচেতন থাকার পরামর্শও দেন নেত্রী। পান্তা ভাত খাবার খাওয়ার নির্দেশের পাশাপাশি বাইরের জল এড়িয়ে বাড়ির জল সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেন। এমনকি, গণনার আগের দিন এবং ওই দিন পান, বিড়ি, সিগারেট থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন সুপ্রিমো। গণনাকেন্দ্রে চায়ের ব্যবস্থা না থাকলে কর্তৃপক্ষকে তা নিশ্চিত করতে বলার কথাও উল্লেখ করেন তিনি।
শনিবার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে প্রায় ঘণ্টা তিনেক ভারচুয়াল বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয় থেকে নেতা কর্মীরা ওই বৈঠকে যোগ দেন। তৃণমূল সূত্রে জানা গেছে এজেন্টদের বার্তা দিয়েছেন মমতা, তৃণমূল দু’শোর বেশি আসনে জিতছে।
আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন নেত্রী। ৪ মে তিনি নিজে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র না ছাড়ে। ভোট চলাকালীন যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরবর্তী সময়ে পুরস্কৃত করা হবে বলেও জানান দলনেত্রী।