নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
ভোট দিতে এসেছিলেন সুদূর তামিলনাড়ু থেকে। ভয় ছিল এসআইআর-এর পর প্রথম ভোট, ভোট না দিলে যদি নাম বাদ যায়! আর এই ভোট দিতে এসেই নৃশংস ভাবে খুন হতে হলো পরিযায়ী শ্রমিককে।
বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর ঝোপ থেকে তার নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় প্রতিবেশীকে গ্রেফতার করল কোটশিলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। ঘটনা কোটশিলা থানার জাহারহাতু গ্রামে। পুলিশ জানায়, শুক্রবার সকালে বিষ্ণু মাহাতো(২৬)র দেহ উদ্ধার হয় গ্রামের অদূরে একটি পুকুরপাড়ের ঝোপ থেকে। পরিবারের দাবি, আগের দিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। ২৪ ঘণ্টা পর মেলে দেহ।
ঘটনায় মৃতের দাদা মণিশঙ্কর মাহাতো কোটশিলা থানায় প্রতিবেশী সুরত চন্দ্র মাহাতোর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আদালতে তোলা হলে তার পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে রবিবার গ্রামে বিক্ষোভ মিছিল বের হয়। অন্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিও ওঠে। এলাকায় যান জয়পুর বিধানসভার ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার প্রার্থী দিবজ্যোতি সিং দেও। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষ্ণু তামিলনাড়ুর একটি পাউডার কারখানায় কাজ করতেন। ভোট দিতে তিন দিন আগে গ্রামে ফেরেন। মৃতের দাদার দাবি, অতীতে অভিযুক্ত তাঁর ভাইকে হুমকিও দিয়েছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রীর সঙ্গে বিষ্ণুর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। সেই নিয়েই দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত দাবি করেছে, পুকুরপাড়ে ডেকে এনে কথা বলার ছলে ধারালো অস্ত্র দিয়ে বিষ্ণুর গলার নলি কেটে দেয় সে। পরে রক্তমাখা অস্ত্রটি ফেলে দেওয়া হয়।
পুলিশ জানায়, খুনের অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।