নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বালি পাচারের একটি বড়সড় প্রচেষ্টা ব্যর্থ করল কাশিপুর থানার পুলিশ। সোমবার ভোরে কাশিপুর থানা এলাকার জামকুড়ি গ্রাম মোড়ের কাছ থেকে বালি বোঝাই দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই গাড়ি দুটি ফেলে চম্পট দেয় চালক ও খালাসিরা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর নাগাদ জামকুড়ি গ্রাম মোড়ের কাছে ওত পেতে ছিল কাশিপুর থানার একটি বিশেষ পুলিশ বাহিনী। সেই সময় সন্দেহভাজন দুটি ট্রাক্টরকে আসতে দেখে পুলিশ সেগুলিকে আটকানোর চেষ্টা করে। দূর থেকে পুলিশ বাহিনীকে দেখামাত্রই চালক ও তার সহযোগীরা গাড়ি দুটি রাস্তার মাঝেই ফেলে রেখে অন্ধকারে গা-ঢাকা দেয়। পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ তাদের পিছু ধাওয়া করলেও শেষ রক্ষা হয়নি। লাল রঙের ও নীল রঙের ট্রাক্টর দুটির সাথে যুক্ত নম্বর প্লেট বিহীন ট্রলিগুলিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে প্রতিটি ট্রলি থেকে আনুমানিক ৯০ সিএফটি করে বালি উদ্ধার করা হয়।
এই বিপুল পরিমাণ বালি পরিবহনের সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি কেউ। প্রাথমিক অনুমান, নদী থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ইতিমধ্যেই বালি সহ ট্রাক্টর দুটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়েছে।
এই ঘটনায় কাশিপুর থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বালি পাচার চক্রের সাথে আর কারা জড়িত এবং গাড়িগুলির আসল মালিক কে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পলাতক অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।