ব্লক ভোটের খবর

পোস্টাল ব্যালট বিভ্রাটে ভোটকর্মীদের বিক্ষোভ, অবরোধে উত্তপ্ত পুরুলিয়ার একাধিক এলাকা

পোস্টাল ব্যালট ইস্যু করা হলেও তা হাতে না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন একাধিক বিধানসভার ভোটকর্মীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মানবাজার , লালপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ জানানো হয়।
পোস্টাল ব্যালট বিভ্রাটে ভোটকর্মীদের বিক্ষোভ, অবরোধে উত্তপ্ত পুরুলিয়ার একাধিক এলাকা

 


নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

ভোটের প্রশিক্ষণ কেন্দ্রে চরম বিশৃঙ্খলার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়ার বিভিন্ন এলাকা। পোস্টাল ব্যালট ইস্যু করা হলেও তা হাতে না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন একাধিক বিধানসভার ভোটকর্মীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মানবাজার , লালপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ জানানো হয়।  পুঞ্চার লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজে ভোট প্রশিক্ষণের দিনই এই সমস্যা সামনে আসে। অভিযোগ, বাঘমুন্ডি, কাশিপুর ও বান্দোয়ান বিধানসভার ভোটকর্মীদের জন্য পোস্টাল ব্যালট ইস্যু করা হলেও তা ট্রেনিং সেন্টারে পৌঁছায়নি। এমনকি অন্য জেলার ব্যালটও না আসায় অনেকেই ভোট দিতে পারেননি। অন্যদিকে জেলার কিছু বিধানসভার ভোটকর্মীরা সেদিনই নির্বিঘ্নে ভোট দেন, যা পরিস্থিতিকে আরও প্রশ্নের মুখে ফেলে। রঘুনাথপুর ও ঝালদা থেকেও একই ধরনের অভিযোগ ওঠে, যদিও পরে ঝালদায় ভোট প্রক্রিয়া শুরু হয়। পরে রঘুনাথপুর এবং লৌলাড়াতে কিছু কেন্দ্রের ব্যালট আসে। যাদের ব্যালট ইস্যু হয়নি ভোটের আগের দিন সংশ্লিষ্ট এসডিও অফিসে ভোট দিতে পারবেন তাঁরা।

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের অভিযোগ, প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মাত্র একটি কক্ষে ভোটের ব্যবস্থা থাকায় জটিলতা বাড়ে। শুধু তাই নয়, যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভোট নেওয়া হলো, তাতে এই ভোটগুলির ভবিষ্যত নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

ঘটনায় নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।