সুইটি চন্দ্র, পুরুলিয়া:
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই আগামী ১৯ তারিখ নরেন্দ্র মোদির পুরুলিয়া সফর ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে জেলা জুড়ে। জানা গিয়েছে, পুরুলিয়া শহর লাগোয়া রায়বাঘিনি ময়দানে একটি বড় জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভা থেকে পুরুলিয়ার ৯ জন বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট চাইবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সভাস্থলে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ—সব কিছু খতিয়ে দেখা হচ্ছে শেষ মুহূর্তে। জেলা প্রশাসনের পাশাপাশি বিজেপির সংগঠনও আলাদা করে নজর দিচ্ছে যাতে কোনও ত্রুটি না থাকে।
এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত জেলা নেতৃত্ব জানান, প্রধানমন্ত্রীর সভাকে সফল করতে দল সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। তাঁরা দাবি করেন, এই জনসভায় বিপুল জনসমাগম হবে। এই জনসভাই আগামী নির্বাচনে বিজেপির পক্ষে ইতিবাচক বার্তা দেবে।