সুইটি চন্দ্র, পুরুলিয়া:
আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে 'যোগা ফর পুলিশ' কর্মসূচি নিলো পুরুলিয়া জেলা পুলিশ। বৃহস্পতিবার এই অভিনব কর্মসূচিতে পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইন সহ জেলার বিভিন্ন মহকুমা পুলিশ কার্যালয়ে যোগাভ্যাস হয়। সেই সঙ্গে জেলার সমস্ত থানায় থানায় সাড়ম্বরে 'যোগা ফর পুলিশ' কর্মসূচি পালিত হয়। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের আগে পুরুলিয়ার নতুন পুলিশ সুপার কুমার শানি রাজের তত্ত্বাবধানে 'যোগা ফর পুলিশ' আলাদাভাবে নজর কাড়লো। বেলগুমা পুলিশ লাইনে এই কর্মসূচিতে হাজির ছিলেন পুলিশ সুপার। এই কর্মসূচির মধ্যে গাছের চারা প্রদান করে সম্মান জানানো হয়।
২৪ ঘণ্টার ডিউটি। আর ওই ডিউটিতেই আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব। প্রতিদিনের এই মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূরে সরিয়ে শরীর-মনকে চাঙ্গা রাখার এ যেন অভিনব প্রয়াস। এদিনের কর্মসূচি পুলিশের কঠিন দায়িত্বে যেন আরও উৎসাহ বাড়িয়ে দেয়।
এদিন সাতসকালে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে ছিল এক ভিন্ন ছবি। খাকি উর্দির প্রশাসনিক ভাবমূর্তি সরিয়ে যোগাসনে শামিল হন এসপি। তাঁর সঙ্গেই লাইনের মাঠে সারিবদ্ধভাবে যোগাভ্যাসে অংশ নেন অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও কর্মীরা। সুস্থ ও চাপমুক্ত পুলিশ বাহিনী যে সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারবে এ দিনের কর্মসূচি তারই এক ইতিবাচক ইঙ্গিত দিল।