রাজনীতি ব্লক ভোটের খবর

মানবাজারের সভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর

সভামঞ্চে এক বিশেষ মুহূর্তও দেখা যায়। প্রার্থী ময়না মুর্মু বিরোধী দলনেতার পা ছুঁয়ে প্রণাম করেন, যা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
মানবাজারের সভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর

 


নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এনে মানবাজারে নির্বাচনী প্রচারে জোর দিল বিজেপি। বিজেপি প্রার্থী ময়না মুর্মুর সমর্থনে সেখানে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। সভামঞ্চে এক বিশেষ মুহূর্তও দেখা যায়। প্রার্থী ময়না মুর্মু বিরোধী দলনেতার পা ছুঁয়ে প্রণাম করেন, যা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদলকে কড়া আক্রমণ করেন এবং একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য ধান ক্রয়ের দাম বাড়িয়ে প্রতি কুইন্টাল ৩১০০ টাকা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
শুভেন্দু আরও দাবি করেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার এলে সাধারণ মানুষের ঘরে সোলার প্লেট বসানো হবে, ফলে বিদ্যুতের বিল প্রায় শূন্যে নেমে আসবে। " তিনি রাজ্য সরকারের আগের প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে বলেন, “২০১১ সালে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখনও বহু জায়গায় সেই পরিষেবা পৌঁছায়নি।”
এদিন তিনি পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ভোটে অনিয়ম করে জয় পেয়েছে শাসকদল। বিজেপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করার কথাও বলেন তিনি।

সভা থেকে উন্নয়ন, কৃষক স্বার্থ এবং দুর্নীতির অভিযোগ এই তিনটি বিষয়  সামনে রেখে বিজেপির নির্বাচনী বার্তা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী।