রাজনীতি ব্লক ভোটের খবর

কাশিপুরের সভা থেকে বেলথরিয়া পিতা পুত্রকে তীব্র আক্রমণ শুভেন্দুর

কাশিপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া এবং তার বাবা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়াকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেন, "বাপ বেটা এত বড় ডাকাত। পুরুলিয়া কেন রাঢ়বঙ্গে কম আছে। কম্পিটিশন করে চুরি করে ।
কাশিপুরের সভা থেকে বেলথরিয়া পিতা পুত্রকে তীব্র আক্রমণ শুভেন্দুর

 


নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:  

"আমি আপনাদের বন্ধু শুভেন্দু আজকে বলে যেতে চাই আর ধৈর্য রাখতে হবে না, ৪ঠা মে পুরুলিয়ায় ১৯ সাল থেকে দেখে আসা স্বপ্ন পূরণ হবে।" বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদার সমর্থনে কাশিপুরের সেবাব্রতি সংঘের মাঠে নির্বাচনী জনসভা করতে এসে এভাবেই কর্মী সমর্থকদের আশ্বস্ত করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি।কাশিপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া এবং তার বাবা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়াকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেন, "বাপ বেটা এত বড় ডাকাত। পুরুলিয়া কেন রাঢ়বঙ্গে কম আছে। কম্পিটিশন করে চুরি করে । আদিবাসীদের জমি যা নেওয়া যায় না, সেই জমিও লুঠ করে নিয়েছে এই বাপ বেটা। "

তিনি বলেন, ২০১৬ তে বিজেপির ৩ টি আসন পেয়েছিল, ২০২১ সালে ৭৭ টি আসন পেয়েছিল । এবার ১৭৭ এর নীচে ভারতের জনতা পার্টি নামবে না। ২০২১ এ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন। এবারে ভবানীপুরেও আমি ওনাকে হারাবো । আপনারা প্রস্তুত থাকুন বিজয় উল্লাস করার জন্য । আপনারা প্রস্তুত থাকুন নতুন বাংলা করার জন্য । আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনের সোনার বাংলা গড়ার জন্য । কর্মী সমর্থকদের নিদান দেন,"তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন আমার পাড়া, তৃণমূল তাড়া । সবাই মিলে তৃণমূলকে তাড়ান।"

শুভেন্দু অধিকারী বলেন, "বিগত নির্বাচন গুলিতে মমতা ব্যানার্জী বার বার পরিশ্রুত পানীয় জলের কথা বললেও, এখনও তা বাস্তবায়ন হল না। এরা চাকরি চুরি করেছে, মা-বোনের সম্মান লুঠ করেছে । এরা নদীর বালি লুঠ করেছে । পুরুলিয়া জেলার পাহাড়গুলো বেচে দিয়েছে । জঙ্গলে গাছ নেই। এই পুরুলিয়া জেলা এক লক্ষের কাছাকাছি যুবক ভিন্ রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। তৃণমূল সরকার রেল লাইনের জন্য জমি দিচ্ছে না। বিজেপি সরকারের প্রথম কেবিনেট ৬১ টা রেল লাইনের জন্য জমি দিয়ে দেবে বলেও তিনি সভা থেকে জানান ।

তিনি বলেন, বিজেপি এ রাজ্যে এলে ৭৫ লক্ষ লাখপতি দিদি বানাবো। এই মাসে যদি দেড় হাজার টাকা পেয়ে থাকেন, ১লা জুন তিন হাজার টাকা করে পাবেন। উচ্চ মাধ্যমিকের পরে যে বোনটি আরো উন্নত শিক্ষা নিতে চায়, তাকে পঞ্চাশ হাজার টাকা এককালীন বিজেপি সরকার দেবে।   
এদিন শুভেন্দু অধিকারীর জনসভায় ভীড় হয়েছিল চোখে পড়ার মতো।