রাজনীতি শহর ভোটের খবর

ভোটের আগে পোস্টার নিয়ে যুদ্ধ, তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে

অভিযোগ, মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস-এর একাধিক পোস্টার ও ব্যানার ছেঁড়া অবস্থায় দেখা যায়। কোথাও আবার তৃণমূল প্রার্থী হাজারি বাউরির ছবির ওপর ভারতীয় জনতা পার্টির পোস্টার সাঁটা হয়েছে বলেও অভিযোগ।
ভোটের আগে পোস্টার  নিয়ে যুদ্ধ, তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে

 

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর


পুরুলিয়ার রঘুনাথপুরে ভোট প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়িয়েছে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে। অভিযোগ, মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস-এর একাধিক পোস্টার ও ব্যানার ছেঁড়া অবস্থায় দেখা যায়। কোথাও আবার তৃণমূল প্রার্থী হাজারি বাউরির ছবির ওপর ভারতীয় জনতা পার্টির পোস্টার সাঁটা হয়েছে বলেও অভিযোগ। কিছু স্থানে তৃণমূলের দলীয় পতাকাও নর্দমায় পড়ে থাকতে দেখা গেছে।
ঘটনাকে ঘিরে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। রঘুনাথপুর শহর তৃণমূল সভাপতি প্রণব দেওঘরিয়া অভিযোগ করেন, “বিজেপি রাতের অন্ধকারে এই কাজ করেছে। আমাদের কর্মীরা পোস্টার লাগানোর পর সেগুলি ছিঁড়ে দেওয়া হচ্ছে। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলেই এই ধরনের কাজ করছে।”

রঘুনাথপুরের শান্তনু চ্যাটার্জী‌ বিজেপি শহর মণ্ডল সভাপতি বলেন, "রঘুনাথপুর বিধানসভায় আমাদের জয় নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল ভিত্তিহীন অভিযোগ তুলে মিথ্যা প্রচার শুরু করেছে। বিজেপি এই ঘটনায় জড়িত নয়।"
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।