নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ফের ভাইরাল ভিডিও। এবার ভিডিও আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর নয়, এবারের ভিডিও তাঁর ছেলে বিশ্বজিতের। বিশ্বজিৎ পদ্ম প্রতীকে জয়পুর আসনে বিজেপি প্রার্থী। রবিবার পুরুলিয়া রায়বাঘিনী মাঠে নরেন্দ্র মোদির জনসভায় তিনি বক্তব্য রাখতে ওঠেন। আর সঙ্গে সঙ্গে দর্শকদের পক্ষ থেকে তীব্র চাপ সৃষ্টি করা হয় যে জয় মা দুর্গা বলতে হবে। চাপের মুখে বিজেপি প্রার্থী দিয়েই দেন জয় মা দুর্গা ধ্বনি। ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও।
কিন্তু এমন হওয়ার কারণ কী?
বছর কয়েক আগে আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা তাদের সমাজের একটি বৈঠকে মা দুর্গা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। ভাইরাল হয় সেই ভিডিও। পুরুলিয়া জেলার থানায় থানায় অভিযোগ দায়ের হয় অজিত প্রসাদ মাহাতোর নামে। বিভিন্ন সভা সমিতিতে তিনি কুড়মি সমাজের মানুষজনকে হিন্দু দেব দেবীর পূজা করা থেকে বিরত থাকার নিদান দিতে থাকেন। তখন বিজেপির পক্ষ থেকেই অভিযোগ তোলা হয়েছিল অজিত মাহাতো হিন্দু বিদ্বেষী। অভিযোগ ওঠে জাতিসত্তার আন্দোলনের নামে প্রতিবছর ঠিক দুর্গাপূজার আগেই রেল টেকা আন্দোলনে বসে আদিবাসী কুড়মি সমাজ। সারা জেলা যখন বাঙালির সর্ববৃহৎ পার্বণের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত তখন এমন আন্দোলন তাতে বিরতি এনে দেয়।
এমন অভিযোগের পাশে বিজেপি সে সময় থাকলেও এবার ২০২৬ বিধানসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে জয়পুর আসনে সেই মূল মানতার পুত্র বিশ্বজিৎকে প্রার্থী করে পদ্ম শিবির। প্রার্থী নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় পোড়ানো হয় অজিত মাহাতোর কুশপুতুল। বাবার একদা বিদ্বেষমূলক উক্তি বারবার বিপদে ফেলতে থাকে বিশ্বজিৎকে। এর আগেও ঝালদা ২ নং ব্লকের চেক্যা গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অজিত প্রসাদ মাহাতো। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, দুর্গা মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অজিত বাবুকে। অজিত বাবু অবশ্য ক্ষমা চাননি। এবার সরাসরি বিশ্বজিৎকে সামনে পেয়ে উত্তেজিত দর্শকরা মঞ্চে থাকা প্রার্থীর উদ্দেশ্যে দাবি জানাতে থাকে যে তাকে জয় মা দুর্গা বলতে হবে বিশ্বজিৎ তা বলেও দেন।
ক্ষোভ প্রশমিত হওয়ার বদলে আরও উস্কে গিয়েছে। মূল মানতার ছেলেকে এভাবে হেনস্থা করা হলো কেন? এ প্রশ্ন নিয়ে ক্ষুব্ধ কুড়মি সমাজের একাংশ।