রাজনীতি ব্লক ভোটের খবর

ভুল বলার কম্পিটিশনে অসমের মুখ্যমন্ত্রীও, বললেন, "লক্ষ্মী বিষ্ণুর মা"

যেন ভুল বলার কম্পিটিশন। আর তাতে পুরুলিয়ায় এসে নাম লেখালেন অসমের মুখ্যমন্ত্রীও।
ভুল বলার কম্পিটিশনে অসমের মুখ্যমন্ত্রীও, বললেন,

 


নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

এ যেন ভুল বলার কম্পিটিশন। আর তাতে পুরুলিয়ায় এসে নাম লেখালেন অসমের মুখ্যমন্ত্রীও। বলরামপুরের বিজেপি প্রার্থী জলধর মাহাতোর সমর্থনে নামশোলে জনসভা করতে এসেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর সেখানেই বেফাঁস তিনি।

আবেগের আতিশয্যে বলে বসলেন, "লক্ষ্মী বিষ্ণুর মা!" নির্বাচনী প্রচারে বলরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী জলধর মাহাতোর সমর্থনে প্রচারে এসে এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বারের নির্বাচনের প্রচারে বারবার বিজেপি নেতারা উগ্র হিন্দুত্বের কথা সামনে এনে, ধর্মকে রেখে  রাজনীতি করতে গিয়ে হিন্দু দেব-দেবীর সম্পর্ক নিয়ে গুলিয়ে ফেলেছেন। শেষ দিনের প্রচারেও তার অন্যথা হল না। যদিও পরে নিজের মন্তব্য শুধরে নেন।

এদিন বলরামপুরের নামশোলে দলীয় প্রার্থী জলধর মাহাতোর সমর্থনে এসে  অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, " লক্ষ্মী হলেন বিষ্ণুর মা। মহালক্ষ্মী, মহাবিষ্ণু। মহাদেব, শিব, পার্বতী।" 
পাশাপাশি এদিন রাজ্যের মেগা প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, " আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০০ টাকা করে দিতেন। ভোট আসার পর সেটা দেড় হাজার করা হয়। লক্ষ্মী কি এত কৃপণ?
লক্ষ্মী মাতার অপমান আর নয়। তাই আমরা বলছি এবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক। চালু হবে ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার।"

এছাড়াও রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, তৃণমূলের এই অভিযোগ খণ্ডন করতে গিয়ে তিনি বলেন, আসামে বিজেপি সরকার থাকলেও সবাই মাছ-মাংস খান। এই প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মজার ছলে বলেন, তিনি তাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে মাছ খাওয়ার প্রতিযোগিতার চ্যালেঞ্জ দেবেন। তবে তার বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল রাজনৈতিক হিংসা নিয়ে মন্তব্য। হিমন্ত বিশ্বশর্মা বলেন, বিজেপি কর্মীদের উপর আক্রমণ হলে পাল্টা জবাব দেওয়া হবে এবং ৪ তারিখের পর পুলিশও অবস্থান বদলাবে। তিনি আরও বলেন, পুলিশ না থাকলে তৃণমূলের ‘গুণ্ডাদের’ তাড়িয়ে দেওয়া উচিত।
তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।