রাজনীতি ব্লক ভোটের খবর

প্রথমে ভোটদান, তারপর জলপান, ভোটার সচেতনতা বাড়াতে অভিনব আয়োজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

সম্মেলনের একটি বিশেষ আকর্ষণ ছিল প্রথমবারের ভোটারদের সংবর্ধনা। যাঁরা এ বার প্রথম ভোট দেবেন, তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
প্রথমে ভোটদান, তারপর জলপান,  ভোটার সচেতনতা বাড়াতে অভিনব আয়োজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

নিজস্ব প্রতিনিধি , জয়পুর:

ভোটের মুখে ছাত্র-যুবদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে উদ্যোগী হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । শনিবার জয়পুর নগর ইউনিটের উদ্যোগে স্থানীয় তালতলা সরস্বতী বিদ্যামন্দিরে আয়োজিত হল এক ছাত্র যুব সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগ প্রমুখ রঞ্জিত কুমার মন্ডল, প্রদেশ জনজাতি কনভেনের মৃত্যুঞ্জয় মাহাত, জেলা প্রমুখ মহেশ্বর মাহাত, জেলা সহ প্রমুখ শুভজিৎ মাহাত, জয়পুর নগর ইউনিট সভাপতি সালাউদ্দিন আনসারী ও সম্পাদক নিরঞ্জন স্বর্ণকার-সহ অন্যান্য কার্যকর্তারা।

সম্মেলনে মূলত ভোটদানে সচেতনতা বাড়ানোই ছিল প্রধান লক্ষ্য। ‘১০০ শতাংশ ভোটদান’ এবং ‘নো ভোট টু নোটা’—এই বার্তাকেই সামনে রাখা হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় সভায়। বক্তাদের বক্তব্যে উঠে আসে, “প্রথমে ভোটদান , তারপরে জলপান ”—এই বার্তার মাধ্যমে ভোটের দিন সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ দিন দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের দাবিও জোরালোভাবে তুলে ধরেন বক্তারা। ‘ভোট ফর বেটার পশ্চিমবঙ্গ’—এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে ভোটমুখী করার ডাক দেওয়া হয়।

সম্মেলনের একটি বিশেষ আকর্ষণ ছিল প্রথমবারের ভোটারদের সংবর্ধনা। যাঁরা এ বার প্রথম ভোট দেবেন, তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

আয়োজকদের দাবি, এই ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক দায়িত্ববোধ আরও জোরদার হবে।