নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
গোলদারি দোকানের আড়ালে চলছিল গাঁজা সাপ্লাইয়ের কারবার। এমন অভিযোগে বরাবাজারে অভিযান চালিয়ে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম রাজেন্দ্র মাহাতো। তাঁর বাড়ি বরাবাজার থানার ধানাড়া গ্রামে।
পুলিশ জানিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে তাঁর মুদি খানার দোকানে হানা দেয় পুলিশ। দোকান থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা সহ ওজন মাপার যন্ত্র। ঘটনায় এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশের অনুমান, মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই গাঁজা বিক্রির কারবার চালাচ্ছিলেন ধৃত। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।