অন্যান্য শহর

"খুঁটির দাপটে ঘাসফুল উজাড়", খুঁটি পুতে জয় উদযাপন আদিবাসী কুড়মি সমাজের

প্রতিটি কুড়মি গ্রামের উদ্দেশ্যে মূল মানতা অজিত প্রসাদ মাহাত-র স্পষ্ট বার্তা, "প্রত্যেক গ্রামে হলুদ খুঁটা গাড়ো, আর এটা প্রমাণ করে দাও যে তাদের জাতিসত্তার আন্দোলন আরো মজবুত হলো"।

শুভদীপ মাহাত, পুরুলিয়া:

পশ্চিমবঙ্গ সহ জঙ্গলমহলের মাটিতেও হয়েছে রাজনৈতিক পালাবদল। আর এই পরিবর্তনের আবহে গেম চেঞ্জার হিসেবে সর্বাগ্রে উঠে আসছে একটাই নাম, আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাত। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁর দেওয়া 'নো ভোট টু টিএমসি' স্লোগানের ম্যাজিক আক্ষরিক অর্থেই চাক্ষুষ করল রাজ্য রাজনীতি। জঙ্গলমহলে শাসকদলের এই অভাবনীয় পতনের নেপথ্যে তাঁকে ‘কিং মেকার’ বলেই উল্লেখ করছে রাজনৈতিক মহল। এই বিপুল সাফল্যের পর আপামর জঙ্গলমহলবাসীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা তথা মূল মানতা।

শাসকদলের এই চরম ভরাডুবির পর তৃণমূল নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অজিত প্রসাদ মাহাত তাঁর বক্তব্যে স্পষ্ট জানান, "অভিষেক বন্দ্যোপাধ্যায়  বলেছিলেন কুড়মিরা আমাদের ভোট দেয় না, কুড়মিদের ভোটের আমার দরকার নেই, তার উপযুক্ত উত্তর এই নির্বাচনে তাকে আমরা দিলাম"। একইসঙ্গে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার যেভাবে জঙ্গলমহলকে কলকাতার উপনিবেশ তৈরি করেছিল, তা তিনি আর কোনোমতেই হতে দেবেন না।

তবে শুধু বিদায়ী শাসকদলকে উৎখাত করাই নয়, নবনির্বাচিত বিজেপি সরকারকেও প্রথম দিনেই কড়া পাহারায় রাখছেন মূল মানতা। নতুন সরকারকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিজেপি সরকার নির্বাচনের আগে কুড়মি সমাজকে যে কথা দিয়েছে, তা যেন তারা রাখে। কুড়মিদের জাতিসত্তার দাবি অবিলম্বে পূরণ করার দাবিও তোলেন তিনি।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন  সাহেব বাঁধের পাশে গরম থানে এক বিশেষ "খুঁটা গাড়া" কর্মসূচি পালন করে আদিবাসী কুড়মি সমাজ। জয়ের উল্লাসের মাঝেই জঙ্গলমহলের প্রতিটি কুড়মি গ্রামের উদ্দেশ্যে মূল মানতা অজিত প্রসাদ মাহাত-র স্পষ্ট বার্তা, "প্রত্যেক গ্রামে হলুদ খুঁটা গাড়ো, আর এটা প্রমাণ করে দাও যে তাদের জাতিসত্তার আন্দোলন আরো মজবুত হলো"।