নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে জয়পুর বিধানসভা এলাকায়। সেই প্রেক্ষিতেই বিজেপির প্রচারে ঝড় তুলতে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ২০ এপ্রিল কোটশিলা থানার অন্তর্গত বামনিয়া ডাক বাংলো ময়দানে তাঁর জনসভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে।
শুক্রবার বিজেপি প্রার্থী বিশ্বজিত মাহাতোর সমর্থনে অনুষ্ঠিত হতে চলা এই জনসভার স্থল পরিদর্শনে যান জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো সহ দলীয় নেতৃত্ব। উল্লেখ্য, এই একই মাঠে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল। ফলে রাজনৈতিক মহলে এই সভাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। একই ময়দানে দুই প্রধান প্রতিপক্ষ দলের শক্তি প্রদর্শন যেন সরাসরি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।
এই সভা শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনী প্রচার নয়, বরং বিজেপির পক্ষ থেকে শক্তি প্রদর্শনের একটি বড় মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে “অজিত পুত্র” বিশ্বজিতকে সামনে রেখে বিজেপি স্থানীয় সমীকরণকে কাজে লাগাতে চাইছে। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি ভোটারদের প্রভাবিত করতে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যোগী আদিত্যনাথের মতো হাই-প্রোফাইল নেতার সভা বিজেপির কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। পাশাপাশি হিন্দুত্ব ও উন্নয়নের মিশ্র বার্তা দিয়ে ভোটব্যাঙ্কে প্রভাব ফেলাই মূল লক্ষ্য। অন্যদিকে বিরোধী শিবিরও এই সভার দিকে নজর রাখছে এবং পাল্টা কৌশল তৈরির চেষ্টা করছে। ২০ এপ্রিলের এই জনসভা জয়পুর বিধানসভায় নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে। এখন দেখার, এই শক্তি প্রদর্শন শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।